একসময়ে দিলীপ-ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। তাই এহেন সংবেদনশীল বিষয়ে বিজেপির প্রবীণ নেতা কী বলেন, সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। অবশেষে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন পঁচিশ সালে প্রথমবার বৈবাহিক ইনিংস শুরু করা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ তিনি বলছেন, কে কাকে বিয়ে করবে, কীভাবে জীবনযাপন করবে, সেটা সম্পূর্ণ তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। দিলীপ ঘোষের এহেন মন্তব্য থেকেই স্পষ্ট যে সংশ্লিষ্ট ইস্যুতে কোনও মন্তব্য করে অযাচিত বিতর্ক বাড়াতে তিনি নারাজ। পাশাপাশি এই চলতি বিতর্ক থেকেও যে নিজেকে সরালেন, তা বলাই বাহুল্য। অন্যদিকে, বিজেপির তারকা বিধায়কের দ্বিতীয় বিয়ে নিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকরাও ট্রোল-মিমে মেতেছে। কেউ হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথা মনে করিয়েছেন হিরণকে তো কেউ বা আবার ঘরে স্ত্রী-সন্তানকে অন্ধকারে রেখেই দ্বিতীয়বার সাতপাক বাঁধা পড়া নিয়ে কটাক্ষ করেছেন তাঁকে।
