সরস্বতী পুজোকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগাম সতর্ক হাইকোর্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সরস্বতী পুজোকে ঘিরে অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অশান্তির ঘটনা ঘটেছে। এ বছরও তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই আগাম ব্যবস্থা নিতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেন তিনি।
আদালত জানায়, ক্যাম্পাসের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখার মূল দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই। তবে পরিস্থিতির প্রয়োজন হলে স্থানীয় থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছে ডিভিশন বেঞ্চ।
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ চলছে। ওয়েবেলের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হবে এবং চার সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।
