গারুলিয়া পুরসভা থেকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে একইদিনে পরপর দুই প্রশাসনিক দপ্তরে গিয়ে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ তুললেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। অর্জুনের স্পষ্ট বার্তা, দুর্নীতিতে যারা যুক্ত, তাদের জেল হবেই। সাত দিনের মধ্যে তদন্ত করে FIR করতে হবে। না হলে আধিকারিকদের বিরুদ্ধেও মামলা হতে পারে, মন্তব্য অর্জুন সিং এর।
বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই কার্যত অচল গারুলিয়া পুরসভা। সেই পরিস্থিতিতেই চেয়ারম্যান, ইও, ফিনান্স অফিসার ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন অর্জুন সিং। বৈঠকের পর অর্জুনের দাবি, পুরসভায় প্রায় ১০০ জন বিনা কাজেই বেতন নিচ্ছে। কাউন্সিলরদের পরিবারের সদস্যদের নামেও কাজ না করে বেতন তোলার অভিযোগ তুলে অর্জুন সিং বলেন, কাজ না করলে টাকা ফেরত দিতেই হবে। পুরসভার আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যদিও সেই খরচ মূল ট্যাক্সের মধ্যেই রয়েছে। পাশাপাশি একাংশ কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি ঠিকাদারি যোগের অভিযোগ তুলে বলেন, কোথাও কাউন্সিলর নিজে ঠিকাদার, কোথাও তাঁর স্ত্রী বা ছেলে। এই সব লিকেজ বন্ধ করতেই হবে, সাফ জানিয়ে দিলেন অর্জুন সিং।


